২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজ রাখতে হ্যাঙ্গার হয়েছে নৌবাহিনীর

প্রায় দুই বছর পর নিজস্ব এভিয়েশন হ্যাঙ্গার (বিমান রাখার স্থান) পেয়েছে নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:19 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

সোমবার নগরীর বিমানবন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন এলাকায় বাহিনীর হ্যাঙ্গার উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নতুন এ এভিয়েশন হ্যাঙ্গারের ফলে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারগুলো সুরক্ষিত থেকে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে ২০১১ সালে নেভাল এভিয়েশন উইংয়ের যাত্রা শুরু হয়।

২০১৩ সালে একটি উড়োজাহাজ ও দুটি হেলিকপ্টার সংযোজিত হলেও এতদিন সেগুলো বিমানবাহিনীর হ্যাঙ্গারে ছিল।

হ্যাঙ্গার উদ্বোধনের অনুষ্ঠানে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব এবং চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ প্রধান (অপারেশন্স) কমডোর এম আবু আশরাফ উপস্থিত ছিলেন।