২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসায়ী খোরশেদ আলমকে খুনের ঘটনায় আরও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

রোববার নগরীর ফরিদার পাড়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে জেসমিন আক্তার ত্রিশা (১৯) নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন গ্রেপ্তার ত্রিশা।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ত্রিশা জানিয়েছেন ঘটনার দিন তিনি ওই বাসায় ছিলেন। আলমগীর হোসেন ও সুফী দুজন মিলে ব্যবসায়ী খোরশেদকে লাল রঙের ট্যাবলেট খাওয়ায়।

“ওই ট্যাবলেট খাওয়ানোর ঘণ্টাখানেক পর খোরশেদ আলম অসুস্থ বোধ করেন। এরপর তিনি বাথরুমে যান। এসময় আলমগীর ও সুফী ত্রিশাকে রেখে ওই বাসা থেকে চলে যায়।”

এর আগে ২৭ অক্টোবর কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব টুইটং গ্রাম থেকে আবদুর রহিম ও তার স্ত্রী ‍নুর আয়েশা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

তাদের জবানবন্দি থেকে জানা যায়, দুমাস আগেই অপহরণের পর ডেইরি ফার্ম ব্যবসায়ী খোরশেদকে হত্যা করা হয়েছে। 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকা থেকে ২৬ অগাস্ট খোরশেদ ডেইরি ফার্মের মালিক ব্যবসায়ী খোরশেদ আলমকে (৪৫) ডেকে নেন তার বন্ধু আলমগীর।

খোরশেদ নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। এতে খোরশেদের বন্ধু আলমগীর হোসেনসহ চারজনকে আসামি করা হয়।

গ্রেপ্তার রহিম ও আয়েশার জবানবন্দি থেকে জানা যায়, ওই দিনই খতিবের হাট এলাকায় রহিম ও নুর আয়েশার বাসায় তাকে হত্যা করা হয়। পরদিন পাশের খালে খোরশেদের লাশ ফেলে দেয়া হয়।

পুরনো খবর:

বন্ধুর ডাকে সাড়া দিয়ে ‘খুন হন’ ব্যবসায়ী খোরশেদ