২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর ডাকে সাড়া দিয়ে ‘খুন হন’ ব্যবসায়ী খোরশেদ

দুই মাস আগে নিখোঁজ চট্টগ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমকে হত্যার পর খালে তার লাশ ফেলে দেওয়া হয় বলে এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার এক দম্পতি জানিয়েছেন।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:10 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা বলেছেন, গত ২৬ অগাস্ট খোরশেদকে তার এক বন্ধু ডেকে নেওয়ার পর তাকে হত্যা করা হয়েছিল।

নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকার খোরশেদ ডেইরি ফার্মের মালিক খোরশেদ আলম (৪৫) সম্প্রতি জমি অধিগ্রহণ বাবদ সিটি করপোরেশনের কাছ থেকে ৪০ লাখ টাকা পেয়েছিলেন।

“ওই টাকা হাতিয়ে নিতেই একটি চক্র সক্রিয় ছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে,” বলেছেন শাহ আলম চৌধুরী নামে তার এক বন্ধু।

রঞ্জু মিয়া লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ স্থানীয় আবদুল হাদীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

খোরশেদ নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। এতে খোরশেদের বন্ধু আলমগীর হোসেনসহ চারজনকে আসামি করা হয়।

তার স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নিতেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করেন পারভীন আক্তার।

এ মামলায় গ্রেপ্তার হওয়ার পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আবদুর রহিম ও তার স্ত্রী নূর আয়েশা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হত্যাকাণ্ডে খোরশেদ আলমের বন্ধু আলমগীর, তার সহযোগী সুফী ও অন্য এক নারী জড়িত।

“ঘটনার পরই আলম বিদেশে পালিয়েছে বলে জানতে পেরেছি।” 

আদালতে রহিম-নূর আয়েশার জবানবন্দি উদ্ধৃত করে তিনি বলেন, “গত ২৬ অগাস্ট বিকাল ৩টায় খোরশেদ আলমকে ফোন করে ডাকেন বন্ধু আলমগীর। ফোন পেয়ে স্থানীয় রঞ্জু মিয়া লেনের মুখে এলে একটি প্রাইভেট কারে তুলে তাকে নিয়ে যাওয়া হয়।

“খোরশেদকে ওই দিনই খতিবেরহাটের অ্যাম্ব্রোসিয়া টাওয়ারের তৃতীয় তলায় নূর আয়েশার বাসায় নিয়ে যাওয়া হয়।”

নূর আয়েশার দাবি, ঘরে আলমগীর, খোরশেদ, সুফী ও ওই নারীকে রেখে তিনি নিচে যান। ওই সময় ঘরে তার স্বামীও ছিলেন না।

“ফিরে এসে দেখি ওই মেয়ে পেট ব্যথা করছে বলে বসে বসে কাঁদছে। অন্যরা নেই। খোরশেদ কোথায় জানতে চাইলে বলে বাথরুমে।

“ওই মেয়ে চলে যেতে চাইলে আমি তাকে নিচে নামিয়ে দিয়ে আসি। এরপরও বাথরুম থেকে খোরশেদ বের না হওয়ায় দরজা খুলে দেখি তার লাশ মেঝেতে পড়ে আছে।”

এরপর নূর আয়েশা ও তার স্বামী ফোনে আলমগীর ও সুফীর সঙ্গে যোগাযোগ করলেও তারা আর আসেননি বলে জবানবন্দিতে বলা হয়েছে।

“ওই দুইজনের কথা মতো খোরশেদের লাশ ফেলার জন্য ১০ হাজার টাকায় দুজন লোক ভাড়া করে নূর আয়েশা ও রহিম। ২৭ অগাস্ট রাত ২টায় প্রবল বৃষ্টির মধ্যে বাসার পাশের খালে লাশটি ফেলে দেওয়া হয়,” বলেন এসআই নুরুল।

মোবাইল কলের সূত্র ধরে ‍রহিম ও নূর আয়েশার সন্ধান পান বলে জানান তদন্ত কর্মকর্তা।

তিনি বলেন, “এ মাসের শুরুতে ওই বাসার সন্ধান পাই। সেখানে গিয়ে দেখি তারা বাসা বদলে বাদুরতলায় চলে গেছে। নতুন বাসায় গিয়েও কাউকে পাইনি।”

পরে আবার মোবাইল ট্র্যাক করে কক্সবাজার জেলার পেকুয়া থানার টুইটং এলাকা থেকে মঙ্গলবার রহিম ও নূর আয়েশাকে গ্রেপ্তার করা হয়।