চট্টগ্রামে আট মাসে নারী নির্যাতনের ঘটনা ৬৫৩টি
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-অগাস্ট) চট্টগ্রামে নারী নির্যাতনের ৬৫৩টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯৫টি ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
চট্টগ্রামের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার ও আইন সহায়তা কেন্দ্রগুলোর তথ্য পর্যালোচনা করে নারী নির্যাতনের এ চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’।
বুধবার এক সংবাদ সম্মেলনে নেটওয়ার্কের আহবায়ক জেসমিন সুলতানা পারু জানান, নারী নির্যাতনের হার বিদ্যমান পরিসংখ্যান থেকে অনেক বেশি। যৌন নির্যাতনের প্রতিটি ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইতে থানা পুলিশের দ্বারস্থ হন না। ফলে প্রকৃত চিত্রও উঠে আসে না।
নারী নির্যাতনের যে হার তার মাত্র ১০ শতাংশ প্রকাশ পায় জানিয়ে তিনি বলেন, “ঘরে-বাইরে সর্বত্র নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক সময় লোকলজ্জার ভয়েও ভুক্তভোগী নারী নির্যাতনের বিষয়টি গোপন করে রাখেন।”
প্রশাসনের গাফিলতি ও প্রভাবশালীদের কারণে অভিযুক্তরা পার পেয়ে যায় বলেও জানান তিনি।
যৌন হয়রানির প্রতিকার ও প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ গঠিত হয়েছে।
গণমাধ্যমকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে নারী নির্যাতনের বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিকার বিধান করার জন্য এ নেটওয়ার্ক কাজ করবে বলে জানান তিনি।
যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসনকে আরো কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখা, নারী নির্যাতনের ঘটনায় দ্রুত মামলা গ্রহণ এবং মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জেসমিন।
এছাড়া যৌন হয়রানি প্রতিরোধে পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কমিটি গঠন, ধর্মীয় নেতাদের সচেতন করতে প্রচার চালানোর উপরও জোর দেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য শরীফ চৌহান।
