২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগের দাবিতে চট্টগ্রামে নন ক্যাডারদের মানববন্ধন

৩৪তম বিসিএসের শূন্য ৪০৪টি পদে নিয়োগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে উত্তীর্ণ নন ক্যাডার প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:01 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়ক দ্বীপে ‘৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতরা’ ব্যানারে এ কর্মসূচি হয়।

সমাবেশ থেকে শূন্য পদে নিয়োগ, মেধা কোটা ও প্রাধিকার কোটার আলাদা ফলপ্রকাশ, ৩৩তম বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নসহ ছয় দফা দাবি জানানো হয়।

উত্তীর্ণ প্রার্থী জহিরুল হক বলেন, ৩৪ তম বিসিএসের প্রকাশিত ফলাফলে কোনো কোনো ক্যাডারে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদের চেয়ে বেশি নিয়োগের সুপারিশ করা হয়েছে। আবার যোগ্য প্রার্থী থাকার পরও কোনো কোনো ক্যাডারে বিজ্ঞাপিত পদের চেয়ে কমসংখ্যক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

“এরকম পদের সংখ্যা ৪০৪টি, যা মোট পদের প্রায় ২৬ শতাংশ। এটা এক ধরণের বৈষম্য।”

এসময় মানববন্ধন থেকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি তালিকা সরবরাহ করা হয়, যাতে কোন কোন ক্যাডারে কত পদে বিজ্ঞাপন ও কত জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে।

তালিকা অনুসারে, এবার নয় ধরনের ক্যাডারে পদে অতিরিক্ত মোট ৫৪৭ জনকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। অন্য দিকে ৩৫ ধরনের পদে বিজ্ঞাপিত পদের ৪০৪টি পদ শূন্য আছে।

সমাবেশে আরেক উত্তীর্ণ বোরহান উদ্দিন বলেন, ৩৩তম বিসিএসে মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫৪ শতাংশকে ক্যাডার পদে নিয়োগে সুপারিশ করা হয়।

“অথচ ৩৪তম বিসিএসে আট হাজার ৭৬৩ জন উত্তীর্ণের মধ্যে মাত্র দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, যা উত্তীর্ণ শিক্ষার্থীর মাত্র ২৫ শতাংশ। অবশিষ্ট ৭৫ শতাংশ কৃতকার্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে।”

সমাবেশে বক্তারা বলেন, মেধা কোটা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশ করলে কোটা পদ্ধতির প্রয়োগ সম্পর্কে স্বচ্ছতা বজায় থাকে এবং ফলাফল সম্পর্কে বিতর্ক করার সুযোগ থাকে না।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জহিরুল হক, মৌসুমি দে, বোরহান উদ্দিন, বিধান দত্ত, নাজমুল চৌধুরী ও মোহাম্মদ নুর।