২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: আরেক মামলায় ব্যবসায়ী এনামুলের জবানবন্দি

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ঢাকার গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হক হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার সকালে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারকি হাকিম ফারহানা ইয়াসমিনের আদালতে এনামুল জবানবন্দি দেন বলে আসামির আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী জানান।

এই মামলায় দুইদিনের রিমান্ড শেষে এনামুলকে আদালতে হাজির করা হয়।

আইনজীবী ইফতেখার বলেন, “ব্যবসায়িক কাজেই এনামুলকে টাকা দেওয়া হয়েছিল। কাজে না লাগায় তিনি তা ফেরত দিয়ে দেন। জমা দেওয়ার সময় তিনি দস্তখত ও মোবাইল ফোন নম্বর দিয়েছিলেন।

তার মক্কেল এর চেয়ে আর বেশি কিছু জানেন না বলে জানান তিনি।

গত ৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগের তালতলা এলাকা থেকে ‘গোল্ডেন টাচ’ নামের পোশাক কারখানার পরিচালক এনামুল হককে গ্রেপ্তার করে র‌্যাব।

তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলায় গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন এনামুল হক।

গত সোমবার হাটহাজারী থানার মামলায় এনামুলকে দুইদিনের হেফাজতে নেয় র‌্যাব।

এদিকে ব্যবসায়ী এনামুলের ভাই যশোর রূপদিয়া জিরাট আলীয়া মাদ্রাসার পর্দাবিজ্ঞান বিভাগের শিক্ষক আনিসুল ইসলাম জানিয়েছেন, তার ভাইকে গ্রেপ্তার এবং মামলার বিষয়টি তাদের জানানো হয়নি। 

“এনামুলকে গ্রেপ্তারের ১২/১৩ ঘন্টা পর একটি অনলাইন সংবাদপত্রের খবরে আমরা বিষয়টি জেনেছি। জঙ্গি অর্থায়ন বা মামলা সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না বা আমাদের জানানো হয়নি।”

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: র‌্যাবের হেফাজতে ব্যবসায়ী এনামুল
হামজা ব্রিগেডকে অর্থায়ন: গার্মেন্ট ব্যবসায়ীর জবানবন্দি
জঙ্গি অর্থায়ন: ঢাকায় ব্যবসায়ী গ্রেপ্তার