২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামজা ব্রিগেডকে অর্থায়ন: গার্মেন্ট ব্যবসায়ীর জবানবন্দি

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকার তুরাগ থেকে গ্রেপ্তার গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হক চট্টগ্রামের আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার এ জবানবন্দি গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিকাশ রঞ্জন ধর বলেন, “বাঁশখালীর লটমনি পাহাড়ে গত ফেব্রুয়ারিতে জঙ্গি আস্তানার সন্ধানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এই ব্যবসায়ী ১৬৪ ধারায় জবানবন্দি দেন।”

আসামির পক্ষে আদালতে কেউ জামিনের আবেদন না করায় বিচারক জবানবন্দি নিয়ে এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বিকাশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি এনামুল তার জবানবন্দিতে ২০১৪ সালের অগাস্ট মাসে ইসলামী ব্যাংকের ও আর নিজাম রোড শাখায় হামজা ব্রিগেডের সদস্য মনিরুজ্জামানের অ্যাকাউন্টে ১৬ লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন।”

গত শনিবার রাতে ঢাকার তুরাগের তালতলা এলাকা থেকে গোল্ডেন টাচ নামে একটি তৈরি পোশাক কারখানার পরিচালক এনামুল হককে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাকে লটমনির পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডের পর এনামুল হক আদালতে জবানবন্দি দিলেন।

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: ঢাকায় ব্যবসায়ী গ্রেপ্তার