২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেভেল ক্রসিংয়ে ট্রেইলার ফেলে ‘সরে পড়েন’ চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় পড়া কন্টেইনারবাহী ট্রেইলারটি লেভেল ক্রসিংয়ে উঠে আটকা পড়েছিল। অবস্থা বেগতিক দেখে ট্রেইলারের চালক ‘সটকে পড়ার’ পরপরই ওই পথ দিয়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় বলে রেল কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 02:37 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

সীতাকুণ্ডে ট্রেন ও ট্রেইলারের সংঘর্ষে নিহত ১
ট্রেন-ট্রেইলার সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি
৬ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু

মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে বাড়বকুণ্ডে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়; আহত হন আরও দুইজন।  

সংঘর্ষে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি লাইন ছিঁড়ে বেরিয়ে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।

বাড়বকুণ্ড বাজারের পূর্ব দিকে ওই লেভেল ক্রসিং পার হয়ে অনন্তপুর এলাকায় ‘টুডে’ নামের একটি গুঁড়োদুধ কারখানার দিকে যাচ্ছিল কন্টেইনারবাহী ট্রেইলারটি। কনটেইনারে ছিল গুঁড়োদুধের বস্তা।

স্থানীয়দের বরাত দিয়ে পূর্বাঞ্চল রেলের কর্মকর্তারা জানান, ট্রেন আসার আগে লেভেল ক্রসিংয়ে উঠে অচল হয়ে পড়ে ট্রেইলারটি। পেছন থেকে অন্য একটি গাড়ি দিয়ে সেটিকে ধাক্কা দিয়েও সরানো যায়নি।

Image
উল্টানো বগি থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো এক যাত্রীর ফেলে যাওয়া জুতায় লেগে আছে কন্টেইনারের গুঁড়ো ‍দুধ।

উল্টানো বগি থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো এক যাত্রীর ফেলে যাওয়া জুতায় লেগে আছে কন্টেইনারের গুঁড়ো ‍দুধ।

Image
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে লেগে আছে কন্টেইনারের গুঁড়ো ‍দুধ।

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে লেগে আছে কন্টেইনারের গুঁড়ো ‍দুধ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেইলারটি অচল হওয়ার পরপরই চালক সেটি ফেলে সটকে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ঘটে দুর্ঘটনা।”

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে ট্রেইলারের কনটেইনারটি একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায়। প্যাকেট ছিঁড়ে গুঁড়োদুধ ছড়িয়ে পড়ে রেললাইনজুড়ে।

ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি বগি উল্টে পড়ে যায় মাটিতে। 

স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোনো লাইনম্যান ছিল না। ক্রসিং খালি পেয়েই লাইনে উঠে পড়েছিল ট্রেইলারটি।

সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়েও সেখানে কোনো লাইনম্যানকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো সদুত্তরও দিতে পারেননি রেল কর্মকর্তা মফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেখানে দুইজন লাইনম্যান নিয়োগ দেওয়া আছে। ঘটনার সময় একজন লাইনম্যান ছিল। পরে হয়ত কোথাও চলে গেছে।”

Image
ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনের পাশে উল্টে যায়।

ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনের পাশে উল্টে যায়।

Image
দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি সরাতে কাজ শুরু করে

দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি সরাতে কাজ শুরু করে

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান।