২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেইলারের সংঘর্ষের কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের পথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 12:56 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

সীতাকুণ্ডে ট্রেন ও ট্রেইলারের সংঘর্ষে নিহত ১
ট্রেন-ট্রেইলার সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকর্মীরা ট্রেইলার সরিয়ে এক পাশের লাইন খালি করার পর বেলা ১১টার দিকে আন্তঃনগর সূবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে আটকা পড়া কনটেইনারবাহী একটি ট্রেইলারের সঙ্গে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের সংঘর্ষ হলে অন্তত একজন নিহত হন।

দুর্ঘটনায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয় এবং চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই সময়ে বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন চট্টগ্রাম স্টেশনে আটকা পড়ে। এছাড়া অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

স্টেশন ম্যানেজার আজাদ বলেন, “দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১১টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে এক পাশের লাইন দিয়ে ট্রেন ছেড়ে গেলেও অন্য লাইনে বিপরীত দিক থেকে চলাচল শুরু হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি লাইন সচল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্য লাইনটি সচল করতে একদিন সময় লাগবে।”

ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের সকাল ছয়টা ৪০ মিনিটে এবং মহানগর প্রভাতীর ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত ছিল। এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এবং সকাল ৭টা ৪০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা ছেড়ে যাওয়ার কথা ছিল।

সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা স্টেশন চত্বরে ঘোরাফেরা করছেন। কেউ বা ট্রেনে উঠে বসে আছেন।

ট্রেন ছাড়ার নিশ্চিত কোনো সময় জানতে না পেরে অনেকে বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

মহানগর প্রভাতীর যাত্রী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি স্টেশনে আসার পর। ট্রেন কবে ছাড়বে কেউ বলতে পারছে না। বাসের টিকেট কেটেই চলে যাব ঠিক করেছি।”

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর তার ট্রেন গন্তব্যের পথে ছেড়ে যায়।

এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন, চাঁদপুর থেকে রওনা হওয়া মেঘনা এক্সপ্রেস এবং লাকসাম থেকে ছেড়ে আসা লাকসাম কমিউটারও দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে আটকে থাকে।