ট্রেন-ট্রেইলার সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারবাহী ট্রেইলারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।
পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মফিজুর রহমান জানান, তিন সদস্যের এই কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে আটকা পড়া কনটেইনারবাহী একটি ট্রেইলারের সঙ্গে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের সংঘর্ষে অন্তত একজন নিহত হন।
দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ছয় ঘণ্টা বন্ধ থাকার পর একপাশের লাইন মেরামত করা হলে বেলা ১১টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।
