সীতাকুণ্ডে ট্রেন ও ট্রেইলারের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে আটকা পড়া কনটেইনারবাহী একটি ট্রেইলারের সঙ্গে ট্রেনের সংঘর্ষে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, মৃত্যু হয়েছে অন্তত একজনের।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এ দুর্ঘটনায় পড়ে বলে সীতাকুণ্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম জানান।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি সাইফুল ইসলাম জানান, গুঁড়ো দুধবাহী ট্রেইলারটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় লাইনে আটকে যায়। এরইমধ্যে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ওই ক্রসিংয়ে চলে এলে বিকট শব্দে সংঘর্ষ হয়।
এএসপি সাইফুল জানান, তারা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করলেও তার পরিচয় জানতে পারেননি। নিহত ব্যক্তি ট্রেনের যাত্রী না ট্রেইলারের আরোহী ছিলেন সেটাও স্পষ্ট নয়।
ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আহতদের মধ্যে একজনের নাম মজিবুর রহমান (৪০)। আরেকজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
