২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মশার লার্ভা মেলায় চট্টগ্রামে ৮ ভবন মালিককে জরিমানা

‘যথাযথভাবে দায়িত্ব পালন না করায়’ বৃহস্পতিবার এ সিটির ৯ পরিচ্ছন্নতা সুপারভাইজারকে শোকজ করেছে কর্তৃপক্ষ।

মশার লার্ভা মেলায় চট্টগ্রামে ৮ ভবন মালিককে জরিমানা

এইডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে বৃহস্পতিবার চট্টগ্রামের উত্তর খুলশী এলাকায় অভিযান চালায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:17 PM

Updated : 06 Jul 2023, 09:17 PM

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় এইডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন ভবনে অভিযান ও পরিদর্শনে তৎপর হয়ে উঠেছে সিটি করপোরেশন।

‘যথাযথভাবে দায়িত্ব পালন না করায়’ বৃহস্পতিবার এ সিটির ৯ পরিচ্ছন্নতা সুপারভাইজারকে শোকজ করেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি এইডিস মশার লার্ভা পাওয়ায় উত্তর খুলশী এলাকার আটটি ভবনের মালিককে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এদিন নগরীর বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা ও সড়ক পরিদর্শন করেন।

উত্তর খুলশী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাশেম বলেন, অভিযানে মোট ২৫টি বাড়ি পরিদর্শন করা হয়। একটি নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানি এবং সাতটি ভবনের ছাদে পরিত্যক্ত টব ও পাত্রে এইডিস মশার লার্ভা পাওয়া যায়।

এ কারণে ভবন মালিকদের সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে এইডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়।

প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম বলেন, গরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে ৪ জন করে মশক নিধন কার্যক্রমে নিয়োজিত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছিল। তাতে অবহেলা করায় এবং কার্যক্রমের তথ্য জানাতে না পারায় ৯ জন পরিচ্ছন্নতা সুপারভাইজারকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

জনগণেরও ভূমিকা চান মেয়র

এদিন নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, “ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

“মশা কমাতে সিসিসির উদ্যোগে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম চলমান আছে। তবে মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই ক্র্যাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।”

মেয়র রেজাউল বলেন, “ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ওষুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষসময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

“এজন্য জনগণের প্রতি আহ্বান, ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত সুচিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের ভূমিকা জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু এমন একটি রোগ যা প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। সিটি করপোরেশনের উচিত সব ওয়ার্ডে গিয়ে সচেতনতা বাড়াতে কাজ করা। এটা বর্ষা শুরুর আগেই করা উচিত ছিল। 

“ডেঙ্গু মশা জন্মায় স্বচ্ছ পানিতে। কাজেই শুধু মশা মেরে সন্তুষ্ট হলে হবে না। স্বচ্ছ পানি জমে যাতে ডেঙ্গু মশা জন্মাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। এরজন্য মূলত প্রয়োজন সামাজিক প্রতিরোধ। আর সমাজে সচেতনতা সৃষ্টিতে সিটি করপোরেশনকে সর্বশক্তি নিয়ে মাঠে থাকতে হবে।”