২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ওপর হামলার মামলায় ৫ জনের কারাদণ্ড

২০১৪ সালে এ কে খান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা করে আসামিরা।

র‌্যাবের ওপর হামলার মামলায় ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রামের আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 09:58 PM

Updated : 07 Nov 2022, 09:58 PM

আট বছর আগে চট্টগ্রামের এ কে খান এলাকায় র‌্যাব সদস্যের ওপর হামলার মামলায় ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই রায় দেন। 

দণ্ডিতরা হলেন- মো. মিজানুর রহমান, মো. ফারুক মিয়া, ফয়জুল ইসলাম, ইমরুল ইসলাম ও আজাদ মিয়া। 

এদের মধ্যে মিজানুরকে দুই বছর এবং বাকি চারজনের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিলু কান্তি দাশ নীলমণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণ হওয়ায় মিজানুরকে দুই বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৪ দিনের সাজা দেওয়া হয়।

বাকি চারজনকে তিন বছর করে সাজা, এক হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে অভিযোগ, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর এ কে খান এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। সেখান থেকে মিজানুরকে ১০৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই সময় বাকি চারজন র‌্যাবের ওপর হামলা করে মিজানুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় মারধর ও মাদকের আলাদা দুটি মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন ৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় হল।