বঙ্গবন্ধুকে ‘খাটো’ করছে বামপন্থিদের একটি অংশ: অর্থনীতিবিদ মইনুল
যুক্তফ্রন্ট গঠনেও একটা ষড়যন্ত্র ছিল। এটির শিকার বঙ্গবন্ধু। দলের মধ্যেই তাকে পিছিয়ে দেওয়ার একটা চক্র ছিল, বলেন তিনি।
ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকাকে ‘খাটো করে দেখার যে প্রয়াস’ শুরু হয়েছে তাতে বামপন্থিদের একটি অংশ জড়িত বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী এর আয়োজনে ‘শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী: ইতিহাসের নতুন আখ্যান ও কতিপয় প্রসঙ্গ' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ইলু ইলিয়াস।
পরে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল বলেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করার একটা প্রয়াস চালু রয়েছে। এ প্রক্রিয়ায় বামপন্থীদের একটি অংশ জড়িত।
“১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে তার যে ভূমিকা তা দেখতে হবে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক হন। পরে তিনি সাধারণ সম্পাদক হন।
“১৯৪৭ সালে বঙ্গবন্ধু পাকিস্তানকে মেনে নিয়েছেন। কিন্তু তার ভুল ভাঙতে দেরি হয়নি।”
ওই সময়ের রাজনীতিকদের মধ্যে আবুল মনসুর আহমদ, কমরুদ্দদিন আহমদ, অলি আহাদ, খন্দকার মোশতাকসহ অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
বদরুদ্দীন উমরের ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ বইয়ের কথা বলে মইনুল বলেন, “বঙ্গবন্ধু জেলে ছিলেন বলে বদরুদ্দীন উমর তার গ্রন্থে বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করতে চান, তা আমার কাছে গ্রহণযোগ্য হয় না। বঙ্গবন্ধুর ভূমিকা বিশ্লেষণের ব্যাপারে তার মধ্যে একটা প্রেজুডিস কাজ করেছে।
“বঙ্গবন্ধু তো উনার পিতার সাথে যুক্ত বাংলা আন্দোলনে ছিলেন। তখন রাজনীতিতে লিয়াকত আলী খান, জিন্নাহদের সাথে পেরে ওঠেননি। ফলে বাংলা ভাগ হয়েছে।”
তিনি বলেন, “আবুল মনসুর আহমদ তার বইতে (আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর) বঙ্গবন্ধুর বিষয়ে সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে পারেননি। পঁচাত্তের ১৫ অগাস্টের পর তার ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার পক্ষে অবস্থান নেন বলে অনেকে বলে থাকেন।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, “ছাত্রলীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার কোনো সুযোগ নেই। এরপর ১৯৬২ সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন যারা করেন, তারাই বলেছেন বঙ্গবন্ধু তাদের খবরা-খবর রাখতেন। তবে তার নেতা সোহরাওয়ার্দীকে কিছুই বলতেন না। পঞ্চাশের দশকে সোহরাওয়ার্দীর সব ভূমিকা গ্রহণযোগ্য নয়।
“সোহরাওয়ার্দী অগোচরেই বঙ্গবন্ধু তার স্বাধীনতার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন। যতবারই বঙ্গবন্ধু পূর্ব বাংলার স্বাধীনতার কথা বলতেন ততবারই বাধা পেয়েছেন।
“সোহরওয়ার্দী প্রচণ্ড চেষ্টা করেছেন পাকিস্তানে প্রাদেশিক বৈষম্য কমাতে কিন্তু পারেননি। তিনি বাঙালি বিদ্বেষী ছিলেন না। কিন্তু তিনি কখনও বাংলাদেশের স্বাধীনতা চাননি। অন্যদিকে শেরে বাংলা এ কে ফজলুল হক স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠতে পারেননি।”
সেমিনারে মইনুল আরও বলেন, “যুক্তফ্রন্ট গঠনেও একটা ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু তখন ঢাকায় ছিলেন না। সোহরাওয়ার্দী ছিলেন করাচিতে। কিন্তু আবুল মনসুর আহমদ সই করিয়ে ফেলেছেন ভাসানী ও শেরে বাংলাকে দিয়ে। এই ষড়যন্ত্রের শিকার বঙ্গবন্ধু। দলের মধ্যেই তাকে পিছিয়ে দেওয়ার একটা চক্র ছিল।
মূল প্রবন্ধে ইলু ইলিয়াস বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ যথাযথ পাঠ করে প্রচলিত ইতিহাসের পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন জরুরি।
অনিন্দিতা দেবনাথের সঞ্চালনায় এতে সুহৃদ সম্মিলনীর আহ্বায়ক অধ্যাপক মুজিব রাহমান সভাপতিত্ব করেন।
