দেড় লাখ ইয়াবা: চট্টগ্রামে তিন জনের যাবজ্জীবন সাজা ঘোষণা
গত বছরের ২৩ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
দেড় লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মাদ ইব্রাহীম, জাহেদ হোসাইন ও মাহমুদুল হক।
রায় ঘোষণার পর তিনজনকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী জানান, বিচারক যাবজ্জীবন দণ্ডাদেশের সঙ্গে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২০ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালা বিবির দীঘির মোড়ে বাঁশখালী থেকে আসা একটি মোটর সাইকেলের আরোহীদের থামার সংকেত দেয় পুলিশ।
এসময় আরোহীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করে।
ওই ঘটনায় পুলিশ তিনজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা করে।
গত বছরের ২৩ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
২৩ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় দেয় আদালত।
