শিশু অপহরণের দায়ে ২৫ বছর পর খালুর যাবজ্জীবন
আসামিকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান।
আড়াই দশক আগে চট্টগ্রামের রাউজানে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার দায়ে তার খালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিম এ রায় দেন।
দণ্ডিত জামাল উদ্দিন রাউজান থানার কোতোয়ালী ঘোনা এলাকার মাহামুদুল হকের ছেলে। এ ঘটনার গ্রেপ্তার হন জামাল। পরে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার বিরুদ্ধে করা হত্যা মামলাটির বিচার চলছে।
জবাববন্দিতে তখন তিনি জানিয়েছিলেন, পাঁচ বছরের ওই শিশুকে অপহরণের পর পানিতে ডুবিয়ে হত্যা করে সে।
হত্যা মামলাটি চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন বলে ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ূয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন, ১৯৯৫ এর ১৩ ধারা অনুসারে আসামি জামাল উদ্দিনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের প্রমাণ পাওয়ায় তার যাবজ্জীবন সাজা হয়।
হত্যা মামলার বিচার জেলা আদালতে হচ্ছে জানিয়ে জিকো বলেন, “ঘটনার পর গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে সে পালিয়ে যায়।”
অপহরণের এই মামলার নথি থেকে জানা যায়, এক প্রবাসী ব্যক্তির স্ত্রী চট্টগ্রামের রাউজান থানা এলাকায় বাবার বাড়িতে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। তার সন্তানদের মধ্যে সবার ছোট ছিল অপরিত শিশুটি।
এদিকে ওই প্রবাসীর স্ত্রীর বোনের স্বামী জামাল উদ্দিন ওই বাড়িতে ঘর তুলে থাকছিলেন। ঘটনার চার বছর আগে ১৯৯৪ সালে আবুধাবি যাওয়ার সময় নারীর স্বামীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিল জামাল। পরে দেশে ফিরলেও ওই টাকা আর ফেরত দেয়নি।
মামলার এজাহারের বরাতে পিপি বলেন, তাদের (প্রবাসীর স্ত্রী) একটি ভ্যান গাড়ি ছিল। যেটি চালানোর জন্য চেয়েছিল জামাল। কিন্তু সেটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এতে ক্ষিপ্ত হয় জামাল। ১৯৯৮ সালের ৩ নভেম্বর বিকাল থেকে ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“পরদিন সকাল ৭টায় প্রতিবেশী যদু মাস্টারের বাড়িতে ফোন করে জামাল উদ্দিন ওই নারীর বড় ভাইকে ডেকে দিতে বলে। তাকে ডেকে আনলে টেলিফোনে জামাল জানায় সেই শিশুটিকে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে সেটি তার ঘরের বেড়ার সঙ্গে লাগানো আয়নার পিছনে রাখা একটি চিঠিতে লেখা আছে।”
ওই চিঠিতে ৫০ হাজার টাকা মুক্তিপণের জন্য অপহরণের কথা লেখা ছিল।
টেলিফোন পেয়ে থানায় জিডি করেন ওই নারীর ভাই। সেদিন বিকালে আবারও টাকা চেয়ে ফোন করেন জামাল। পরে ৪ নভেম্বর রাত দেড়টার দিকে জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
পিপি বলেন, “তার দাবি করা টাকা জায়গা মত পৌঁছে না দেয়ায় জামাল বিলের পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
“গামছায় বেধে শিশুর লাশ এনে অন্য জায়গায় মাটি চাপা দিয়েছিল জামাল। এ ঘটনায় পৃথক একটি হত্যা মামলা হয়েছে। সেটি এখন বিচারাধীন।”
অপহরণের মামলায় ১৯৯৯ সালের ১২ মে আসামি জামাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ওই বছরের ২২ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলায় আটজনের সাক্ষ্য নিয়ে ২৫ বছর পর আদালতের এই রায় এল।
