২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একদিনে ৩৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সবমিলিয়ে এখন পর্যন্ত ১২২ জন মনোনয়নপত্র নিয়েছেন, যার মধ্যে ১৭টি দলের প্রার্থী আছেন।

চট্টগ্রামে একদিনে ৩৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

উপরে বাম থেকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল ও নগর যুবলীগ নেতা ফরিদ

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 09:55 PM

Updated : 28 Nov 2023, 10:00 PM

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলম, পটিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ ৩৭ জন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিপরীতে মঙ্গলবার এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়, যার বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) মঙ্গলবার মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মো. আবু তৈয়ব।

এ আসনেই মনোনয়নপত্র নিয়েছেন সাবেক এমপি ও সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী। অতীতে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থাকলেও এবার তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা করতে চাইছেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসেন নৌকার প্রার্থী এস এম আল মামুনও মনোনয়নপত্র নিয়েছেন। ওই আসনে বিএনএফ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ কংগ্রেসের তিন প্রার্থীও মঙ্গলবার মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নুরী; চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নিয়েছেন তৃণমূল বিএনপির খোরশেদ আলম; চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াস এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন।

চট্টগ্রাম- ৯ (কোতোয়ালী-চকবাজার) আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, ন্যাপের মিটুল দাশ গুপ্ত এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু আজম মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। তিনি কয়েক মাস আগে এই আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পাননি।

মঙ্গলবার দুপুরে সাবেক মেয়র মনজুর আলমের বড় ছেলে নিজামুল আলম বাবার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Image

সাবেক সিটি  মেয়র মনজুর আলমের পক্ষে ছেলে নিজামুল আলম মনোনয়নপত্র সংগ্রহ।

নিজামুল বলেন, “আমার আব্বা সাবেক মেয়র। তিনি মেয়র থাকাকালে এবং এর পরেও সবসময় মানুষের পাশে আছেন। স্বতন্ত্র হিসেবে তিনি নির্বাচনে লড়বেন। আশা করছি আমরা বিজয়ী হব।”

এই আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মিজানুর রহমান নামের একজনও মঙ্গলবার ফরম নিয়েছেন।

চট্টগ্রাম-১১ আসনে (বন্দর-পতেঙ্গা) মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ। তিনি ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ লতিফের ছেলে।

এ আসনে গণফোরামের উজ্জ্বল ভৌমিক ও তৃণমূল বিএনপির আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম। এছাড়া মঙ্গলবার এ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে মঙ্গলবার জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আরিফ মনোনয়নপত্র নিয়েছেন মঙ্গলবার।

এদিন চট্টগাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন। এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরীও মনোনয়নপত্র নিয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১২২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন।

আওয়ামী লীগের নামে মনোনয়নপত্র নিয়েছেন ২৬ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২২ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৮ জন, তৃণমূল বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ৬ জন, বিএনএফের ৩ জন এবং কল্যাণ পার্টি, এনপিপি ও ন্যাপের দুজন করে মনোনয়ন ফরম নিয়েছেন।

এর বাইরে ৩১ জন মনোনয়নপত্র নিয়েছেন স্বতন্ত্র হিসেবে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা।