অবৈধ চা ব্যবসা, চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে জরিমানা
চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের অপরাধে এ জরিমানা করা হয়েছে।
নিলাম বর্হিভূত চা কেনা, অস্বাস্থ্যকর পরিবেশে চা প্যাকেটজাত করার অপরাধে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর হালিশহর এলাকার রাজধানী ফুড প্রোডাক্টসে অভিযান চালায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন বোর্ডের উপ-সচিব মোহাম্মদ রুহুল আমীন।
তিনি জানান, চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের অপরাধে এ জরিমানা করা হয়েছে।
এছাড়া নিলাম বহির্ভূতভাবে কেনা ১০ হাজার কেজি (২০০ বস্তা) চা ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
রুহুল আমীন বলেন, “অভিযানে তিনটি ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করছিল বলেও প্রমাণ মিলেছে।
“চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করে চা বিক্রিও করা হচ্ছে। এসব অনিয়ম প্রতিরোধে এ অভিযান চালানো হয়।”
বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিল।
এ বিষয়ে রাজধানী ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
