‘২০ হাজার’ নেতাকর্মী যাচ্ছে ঢাকায়, দাবি চট্টগ্রাম বিএনপি নেতার
“ইতোমধ্যে নেতারা ঢাকায় পৌঁছে গেছেন। কেউ কেউ আজ (শুক্রবার) রাতে কিংবা সকালে গিয়ে পৌঁছাবেন।”
দলীয় সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন অঞ্চলের মত চট্টগ্রাম থেকেও ঢাকায় সমবেত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশ ঘিরে পথে ‘বাধা-বিপত্তির’ কথা ভেবে অনেকে আগেই ঢাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতারা। জাতীয় নির্বাচনের আগে আগে রাজধানীতে শনিবারের সমাবেশকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তারা বলছেন।
চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ সফল করতে চট্টগ্রাম থেকে অন্তত ২০ হাজার লোক যাচ্ছে ঢাকায়। ইতোমধ্যে নেতারা ঢাকায় পৌঁছে গেছেন। কেউ কেউ আজ (শুক্রবার) রাতে কিংবা সকালে গিয়ে পৌঁছাবেন।”
ঢাকার সমাবেশ ঘিরে চট্টগ্রামে বিএনপি কর্মীরা ‘পুলিশের হয়রানির’ শিকার হচ্ছে অভিযোগ করে এই নেতা বলেন, “পুলিশী ঝামেলা এড়াতে অনেকেই এক সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে স্বজনদের বাসায় গিয়ে উঠেছেন।
“পুলিশ বিনা পরোয়ানায় বিএনপি নেতাকর্মীদের ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। ইতোমধ্যে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অনেকের বাসায় গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে।”
তত্ত্বাবধায়ক সরকারের ‘এক দফা’ দাবি ঘোষণা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। অক্টোবরেই ‘চূড়ান্ত আন্দোলনের’ ঘোষণা ছিল তাদের। সে অনুযায়ী শনিবার নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেইসঙ্গে এদিন জামায়াতে ইসলামীও সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে মতিঝিলের শাপলা চত্বরে।
চলতি বছর চট্টগ্রামে সমাবেশ ও পদযাত্রাসহ বিএনপির অন্যান্য আন্দোলন কর্মসূচিতে সক্রিয় সেখানকার দলীয় নেতাকর্মীরা। নগর বিএনপি নেতাদের ভাষ্য, চট্টগ্রামে দলীয় কর্মসূচিতে লোকসমাগম নজর কেড়েছে কেন্দ্রের। রাজধানীতে শনিবারের সমাবেশেও চট্টগ্রাম থেকে সর্বোচ্চ সংখ্যক জমায়েত আশা করছে কেন্দ্র।
জনসভা সফল করতে চট্টগ্রামের বিএনপি নেতারাও কাজ করছেন। বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার নির্দেশনাও রয়েছে।
