চট্টগ্রামে খালাকে খুনে ভাগ্নের যাবজ্জীবন
জবানবন্দিতে খুনের বিষয়টি স্বীকার করেন মামলার একমাত্র আসামি রুবেল।
চট্টগ্রামে ছুরিকাঘাতে খালাকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার তৃতীয় অতিরিক্ত মহানগর জজ মো. জসিম উদ্দিন এ আদেশ দেন বলে অতিরিক্ত পিপি দুলাল চন্দ্র দেবনাথ জানান।
দণ্ডিত রাসেল শেখ ওরফে রুবেল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ফরেস্ট অফিস বৈদ্যপাড়ার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিপি বলেন, “আসামি রুবেল ১৬৪ ধারায় জবানবন্দিতে তার খালা জুলি আক্তারকে ছুরিকাঘাতে খুনের বিষয়টি স্বীকার করেছিলেন।”
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা অনাদায়ে আরও এক মাসের সাজা ভোগ করতে হবে বলে পিপি জানান।
২০১৭ সালের ১৩ মার্চ রাতে নগরীর হালিশহর থানার ঈদগাঁ এলাকায় ভাড়া বাসায় খুন হন জুলি আক্তার, যিনি রুবেলের খালা।
ওই বছরের ১৯ মার্চ জুলির বিয়ের তারিখ ছিল। বিয়ের খবর শুনে তার মামাত বোনের ছেলে রুবেল তাদের বাসায় বেড়াতে যান।
ঘটনার দিন রাতে জুলির পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে যান অন্য সদস্যরা। ওই সময় বাসায় শুধু জুলি আর রুবেল ছিলেন।
সাক্ষীদের জবানবন্দির বরাতে আইনজীবী দুলাল জানান, সেদিন রাত ৮টার দিকে পরিবারের লোকজন হাসপাতালে যাওয়ার পর জুলির কাছে আলমারির চাবি চান রুবেল। আলমারিতে থাকা স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া ছিল তা উদ্দেশ্য।
“জুলি চাবি দিতে না চাইলে রুবেল ছুরি দিয়ে তাকে উপর্যপুরি আঘাত করে। এসময় ধস্তাধস্তিতে রুবেলও আহত হয়। জুলির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
পরে চিকিৎসাধীন অবস্থায় জুলি মারা যান; এ ঘটনায় রুবেলকে আসামি করে মামলা করেন জুলির ভাই মো. আজিজ।
চিকিৎসকসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
