নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং: নওফেল
“ভোটাররা তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য বেছে নিতে পারবেন,” বলেন তিনি।
নির্বাচনকে বানচাল করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, “বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে এবং দেশ নির্বাচনমুখী উৎসবের জোয়ারে ভাসছে। বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে, সেজন্য ভয়-ভীতি, আতঙ্ক ও গুজব ছড়াচ্ছে। সবকিছুই তাদের রাজনৈতিক ব্যর্থতা ও দেউলিয়াপনার স্বভাবজাত কুৎসিত অভ্যাস।”
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গীবাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, “নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভোটারদের ভোটকেন্দ্রমুখি করতে হবে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণমূলক হলে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাই ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই গ্যারান্টি আমরা দিতে পারি।
“কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণমূলক হয়, সেজন্য অনেক আগেই তার সংকল্প ব্যক্ত করেছেন। তাই আশা করি, ভোটাররা তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য বেছে নিতে পারবেন।”
গণংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নির্বাহী সদস্য ইউসুফ সর্দ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন, ফরহান আহমেদ।
