ঝোঁপের মধ্যে লাগেজ, তাতে মানবদেহের খণ্ডাংশ
মাথা ও শরীরবিহীন খণ্ডিত অংশগুলো পুরুষ মানুষের বলে জানাচ্ছে পুলিশ।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ঝোঁপের ভেতর পড়ে থাকা লাগেজ থেকে মানবদেহের হাত-পায়ের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট সংলগ্ন রাস্তার পাশে লাগেজটি পাওয়া যায়। মাথা ও শরীরবিহীন খণ্ডিত অংশগুলো পুরুষ মানুষের বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি আফতাব হোসাইন।
তিনি বলেন, ১২ নম্বর ঘাট সংলগ্ন বিমানবন্দর সড়কের একটি গলির ভেতর রাস্তার পাশে ঝোপে কফি রংয়ের লাগেজটি ফেলে রাখা হয়েছিল। স্থানীয় এক নারী ঝোঁপে লাগেজ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তা খুলে হাত-পায়ের খণ্ডিত অংশগুলো দেখতে পায়।
ওসি আফতাব জানান, যে স্থানে লাগেজটি ফেলে রাখা হয়েছিল সেটি মূল সড়ক থেকে একটু ভেতরে সরু গলি। হাত-পাগুলো আট টুকরো করে কেটে টেপ মুড়িয়ে লাগেজে ভরা হয়েছিল। লাগেজের ভেতর শার্ট এবং লুঙ্গিও ছিল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
