ডিএপি সার কারখানা পুনরায় চালু
পাশের ইউরিয়া সার কারখানা কাফকো চালু হওয়ায় সেখান থেকে এ কারখানার কাঁচামাল অ্যামোনিয়া পাওয়ায় এটি চালু করা গেছে, বলেন এক কর্মকর্তা।
অ্যামোনিয়া গ্যাস সংকটে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের ডিএপি সার কারখানায় ২০ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে।
আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার লিমিটেড কারখানায় শনিবার থেকে উৎপাদন শুরুর তথ্য দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাশের ইউরিয়া সার কারখানা কাফকো চালু হওয়ায় সেখান থেকে ডিএপি কারখানার কাঁচামাল অ্যামোনিয়া পাওয়ায় কারখানা চালু করা গেছে। এখন পুরোদমে উৎপাদন চলছে।
অ্যামোনিয়া সংকটে গত ১৯ এপ্রিল বন্ধ হয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সার কারখানাটি।
আনোয়ারায় অবস্থিত কাফকো ও সিইউএফএল সার কারখানা থেকে উৎপাদিত অ্যামোনিয়া দিয়ে ডিএপি কারখানায় সার উৎপাদন করা হয়। এ দুটি কারখানা গ্যাসের অভাবে বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়।
