অ্যামোনিয়া সংকটে ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
সিইউএফএল ও কাফকো থেকে সংগ্রহ করা অ্যামোনিয়া দিয়ে ডিএপির উৎপাদন পরিচালনা করা হত।
অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিআইপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার রাঙ্গাদিয়ার এই ডিএপি সার কারখানাটিতে শনিবার সন্ধ্যা থেকে উৎপদন বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল জানিয়েছেন।
জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিইউএফএল ও কাফকো থেকে সংগ্রহ করা অ্যামোনিয়া দিয়ে আমাদের উৎপাদন পরিচালনা করা হত। কারখানা দুইটি বন্ধ থাকায় আমাদের অ্যামোনিয়া সংকট হয়েছে। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।”
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
প্রতিষ্ঠানটির ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, কারখানার দুইটি ইউনিটের প্রতিটিতে প্রতিদিন ৮০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।
কারখানার কর্মকর্তারাও জানিয়েছেন, ডিএপি সার তৈরির অন্যতম উপদান অ্যামোনিয়া গ্যাস চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সংগ্রহ করা হয়।
কিন্তু গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটে কারখানা দুইটির উৎপদন বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে অ্যামোনিয়ার সংকট সৃষ্টি হয়। যার প্রভাবে ডিএপি সার কারখানার উৎপাদনও বন্ধ করে দিতে হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
