২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ আত্মসাৎ: বাবুল চিশতীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

দুদক চট্টগ্রামে এই মামলা করেছে।

ঋণ আত্মসাৎ: বাবুল চিশতীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বাবুল চিশতী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:51 PM

Updated : 29 Aug 2022, 11:51 PM

বন্ধকী সম্পত্তির দাম বেশি দেখিয়ে অতিরিক্ত ১০ কোটি টাকা ঋণ দিয়ে তা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চেয়ারম্যান বাবুল চিশতীসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে এই মামলা করেন।

মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী বাদে মামলার অন্য আসামিরা হলেন-ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক এসভিপি শওকত ওসমান চৌধুরী, ম্যানেজার (অপারেশন্স) মো. আনোয়ার হোসেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে থাকা ফয়সাল আহসান চৌধুরী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাহার উদ্দিন, ব্যাংকের পরিচালক মো. আবু আলম ও তার স্ত্রী পারভীন আক্তার এবং ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান এস বি অটো ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক ছগীর চৌধুরী ও সম্পদের মূল্য নির্ধারণী প্রতিষ্ঠান ন্যাশনাল সার্ভে বাংলাদেশে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজেদুল ইসলাম।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্ধকী সম্পত্তির মূল্য কম জানার পরেও ব্যাংক কর্মকর্তা ও পরিচালনায় জড়িতরা পরস্পর যোগসাজসে ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা টাইম ঋণ প্রদান করেছেন এস বি অটো ব্রিকসের পরিচালক ছগীর চৌধুরীকে। যা পরবর্তীতে বিভিন্নভাবে ব্যাংক পরিচালক আবু আলমের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তার স্ত্রীর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।”

মামলার অভিযোগে বলা হয়, আগের ১৪ কোটি ঋণের পরে এস বি অটো ব্রিকসকে ২০১৫ সালের ২২ ও ২৩ জুন পাঁচ কোটি টাকা করে আরও ১০ কোটি টাকা ‘টাইম ঋণ’ ব্যাংক থেকে বিতরণ করা হয়, যা বিভিন্ন পন্থায় আসামিরা আত্মসাৎ করেছেন।

পুরনো খবর:

হাই কোর্টে জামিন পাননি বাবুল চিশতী