চট্টগ্রামের তরুণ ভোটারদের কেউ মুখিয়ে, শঙ্কিত কেউ কেউ
“এবার খালি মাঠে গোল দেওয়ার মত ভোট। তারপরও ইচ্ছা আছে ভোট দেওয়ার। তবে কেন্দ্রে যেতে পারলে তবেই তো ভোট দেব।”
“এবার প্রথম ভোট দেব। ইচ্ছা আছে, বাড়ির সবাই মিলে একসাথে ভোট দিতে যাব। কিন্তু ভয়ও লাগে। শুনেছি ভোটকেন্দ্রে অনেক ঝামেলা হয়। কোনো ঝামেলা ছাড়া যাতে জীবনের প্রথম ভোট দিতে পারি, সেটা প্রত্যাশা করছি।”
দ্বাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোট নিয়ে ভাবনার কথা বলছিলেন সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা সেঁজুতি দাশ। তিনি চট্টগ্রাম নগরীর বাসিন্দা হলেও ভোটার হয়েছেন গ্রামের বাড়ি বোয়ালখালী (চট্টগ্রাম-৮) উপজেলায়।
কথা প্রসঙ্গে সেঁজুতি জানালেন, প্রথমবারের মত ভোট দেওয়ার প্রস্তুতি নিলেও কীভাবে ভোট দিতে হয় তা তিনি জানেন না।
“শুনেছি আগে মেশিনে সুইচ চাপ দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যেত, এবার নাকি কাগজে সিল দিয়ে ভোট দিতে হবে। সমস্যা নাই, মায়ের কাছ থেকে শিখে নেব।”
এবার প্রথম যারা ভোট দিতে চাইছেন, তাদের কথায় উচ্ছ্বাসের সঙ্গে শঙ্কার কথাও প্রকাশ পাচ্ছে।
চট্টগ্রামের ১৬টি আসনে এখন ভোটার সংখ্যা ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫, যেখানে একাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। তার মানে ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬৪ জন, যাদের বেশিরভাগই তরুণ।
তেমনই একজন চট্টগ্রামের খুলশী এলাকার নোমান। একটি বেসরকারি কলেজের এই শিক্ষার্থী চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ভোটার।
নগরীর পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত এ আসনে গত ৩০ জুলাই উপনির্বাচন হলেও তাতে তিনি অংশ নেননি। এবার জাতীয় নির্বাচনে ভোট দিতে চান তিনি।
তবে ভোট কেন্দ্র দখল, গোপন কক্ষে গিয়ে ভোট দিয়ে দেওয়ার ঘটনা অতীতে শোনার কারণে নোমানের মনে শঙ্কা, তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন তো?
নোমান বলছিলেন, “এ আবার কী ভোট? এখানে তো কোনো বিরোধী দল নেই। খালি মাঠে গোল দেওয়ার মত ভোট। তারপরও ইচ্ছা আছে ভোট দেওয়ার। তবে কেন্দ্রে যেতে পারলে তবেই তো ভোট দেব।”
নোমানের ভোট দেওয়া নিয়ে শঙ্কা থাকলেও ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন অনেক তরুণ-তরুণী।
নোমানের বাসা যে এলাকার, সেই খুলশীর ভোটার মাকসুদা ও মাহমুদা দুই বোন। এই নবীন ভোটারদের মধ্যে মাকসুদা এর আগে একবার ভোট দিয়েছিলেন এ আসনের উপ-নির্বাচনে। পাঁচ মাসের ব্যবধানে আবার নির্বাচন এসেছে; তবে ভোট দেওয়ার ধরন বদলেছে। আগেরবার মাকসুদা ইভিএমে ভোট দিলেও এবার দেবেন ব্যালটে।
মাকসুদা বলেন, “আগেরবার ভোট দিয়েছিলাম মেশিনে, এবার ব্যালটের মাধ্যমে ভোট দেব। এটা আমার জন্য নতুন; এটা আমার জন্য একটা অভিজ্ঞতা।”
কেমন প্রার্থীকে ভোট দেবেন? উত্তরে মাকসুদা বলেন, “আমরা এমন লোককে চাই, যাকে সবসময় আমাদের পাশে পাব। বিপদে-আপদে সবসময় যেন আমাদের মাঝে ছুটে আসেন।”
চট্টগ্রামের এ আসনটিতে এবার ভোটের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু পাঁচ মাস আগে উপ-নির্বাচনে জয়ী হন। এবারের নির্বাচনেও তাকে নৌকার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আর ফুলকপি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন সাবেক সিটি মেয়র এম মনজুরুল আলম; কেটলি প্রতীক নিয়ে আছেন নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। আরও কয়েকজন প্রার্থী থাকলেও আসনটিতে এ তিনজনের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন সেখানকার ভোটাররা।
দেশের প্রায় ১২ কোটি ভোটার নিয়ে ৭ জানুয়ারি দেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে প্রথমবার ভোট দেবেন- এমন নবীনের সংখ্যা প্রায় দেড় কোটি। এর বাইরে আরো এক কোটি ভোটার আছেন, যারা বয়সে তরুণ।
বিএনপিসহ কয়েকটি দলের বর্জনের নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে এই নবীনদের আলাদা গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা। তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, “আমাদের প্রধান টার্গেট প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি।”
দলটির ইশতেহারেও কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্বাচন বিশ্লেষকরাও মনে করছেন, ভোটার উপস্থিতির প্রশ্নে নবীন ও তরুণ ভোটাররা বড় প্রভাব ফেলবেন।
সদ্য এইচএসসি পাস করা নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা শাশ্বত রায়; জীবনে প্রথম ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করতে চান তিনি।
চট্টগ্রামের বাসিন্দা হলেও তার পছন্দ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির মত জনপ্রতিনিধিকে।
নগরীর বন্দর ও পতেঙ্গা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনের ভোটার শাশ্বত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পছন্দ তারুণ্যে। কোনো আশার বাণী নয়, যাকে সবসময় প্রয়োজনে পাশে পাব, নিজ থেকে এসে এলাকাবাসীর খবর নেবেন- এ ধরনের লোককেই আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
চট্টগ্রাম-৯ (কোতয়ালি-বাকলিয়া) আসনের নতুন ভোটার জুঁই চৌধুরী। জামালখান এলাকার এ ভোটারের ভাবনা ভিন্ন।
জুঁই বলেন, “আমার এলাকায় কতজন প্রার্থী আছে, সেটাও তো আমি জানি না। সব জায়গায় শুধু একজনের পোস্টার দেখা যাচ্ছে। এলাকায় প্রচারও চলছে শুধু তার। তিনি আগেও জনপ্রতিনিধি ছিলেন, এখন মন্ত্রী (উপ-মন্ত্রী)।
“তাকে অনেকবার দেখেছি। কিন্তু নতুন কাউকে তো ইচ্ছা করলেও বাছাই করতে পারছি না, কারণ একজন ছাড়া অন্য কারও সম্পর্কে কিছুই তো জানি না। যেহেতু একজনকেই চিনি, তাই ভোট দিতে যাবারও ইচ্ছে তেমন নাই। তবুও হয়ত ভোট দিতে যাব।”
এবারের সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনারা অংশ নেয়নি। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে আছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুটিতে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪টি আসনে নৌকার প্রার্থীরা নির্বাচন করছেন। এর মধ্যে ৯টিতে তাদের লড়তে হবে নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া এক বা একাধিক জনের সঙ্গে।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে নৌকার প্রার্থীর সঙ্গে সমানে টক্কর দিচ্ছেন। বিভিন্ন সংসদীয় আসনের প্রচারণায় প্রায় সংঘর্ষের ঘটনাও ঘটছে।
