কর্ণফুলীতে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
অটোরিকশা ছিনতাইয়ের জন্যই আরিফকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রামের কর্ণফুলীতে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা এলাকায় রাস্তার পাশে একটি জমি থেকে চালক মো. আরিফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের মহেশখালীর ছেলে আরিফ কর্ণফুলীর ইছানগর চরপাথরঘাটা এলাকায় থাকতেন।
ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে আরিফ ইছানগর এলাকার সম্রাটের গ্যারেজ থেকে অটোরিকশা বের করে রাস্তায় নামে। আরিফ রাতে আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ গিয়ে আরিফের গলাকাটা লাশ উদ্ধার করেছে।”
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, আরিফের অটোরিকশাটি পাওয়া যায়নি।
অটোরিকশা ছিনতাইয়ের জন্যই আরিফকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
