পাহাড় কেটে রাস্তা: চট্টগ্রামে একজনকে কারাদণ্ড
অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নামে কেনা পাহাড়টি কেটে রাস্তা তৈরি করা হচ্ছিল।
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তা করার সময় একজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড এবং একটি এস্কাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নগরীর আকবর শাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকার পাহাড়ে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহজাহান (৪০)।
ওমর ফারুক জানান, অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নামে কেনা পাহাড়টি কেটে রাস্তা তৈরি করা হচ্ছিল। এসময় হাতেনাতে শাহজাহানকে গ্রেপ্তার এবং মাটি কাটার একটি এস্কাভেটর জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শাহজাহানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
