২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ২ লাখ ইয়াবা, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৫

দুই দেশের মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ ও টাকা সংগ্রহ করতেন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গ্রেপ্তার নুরু হাসান।

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ২ লাখ ইয়াবা, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৫

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরু হাসান (ডানে) ইয়াবাগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 04:30 PM

Updated : 26 Jan 2023, 04:44 PM

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করার সময় এক রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।

গ্রেপ্তাররা হলেন- নুরুল আবসার (৩২), মেহের আলী (৩৯), আব্দুল হামিদ (৩৭), মো. কালু (২৩) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরু হাসান (৩৩)।

বৃহস্পতিবার চট্টগ্রামে র‌্যাবের সংবাদ সম্মেলনে মেজর মেহেদী হাসান বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার ওই চালান বাংলাদেশে আনা হয়। টেকনাফের শাপলাপুর থেকে কক্সবাজারের মাতারবাড়ি, বদরখালী হয়ে চট্টগ্রাম আনার পথে মগনামা ঘাট থেকে ট্রলারটি আটক করে তল্লাশি করলে মাছের ড্রামে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।”

মেজর মেহেদী জানান, ওই ইয়াবার মালিক আবসার। আর নুরু সেগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসেন। মূলত নুরু দুই দেশের মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ ও টাকা সংগ্রহ করেন।

নুরু হাসান তার মামার মাছের ট্রলারে করে এগুলো টেকনাফের শাপলাপুর ঘাটে নিয়ে আসে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

মেজর মেহেদী বলেন, “র‌্যাবের কাছে ট্রলারে ইয়াবা পাচারের তথ্য থাকলেও কোন ট্রলারে আনা হবে সেটার কোনো তথ্য ছিল না। আটক করা ট্রলারটি বিভিন্ন রুটে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে র‌্যাব সদস্যরা দুটি স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে ঘাটে ভেড়াতে বাধ্য করে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবসার আগে ছোট ছোট চালানে ইয়াবা নিয়ে আসতেন। সেগুলোতে লাভবান হওয়ায় নুরুর মাধ্যমে বড় চালান আনার চেষ্টা করেন।

আটক করা ট্রলারের মালিক হামিদ; ইয়াবা পাচারের জন্য আবসার ট্রলারটি ভাড়া করেছিলেন বলে জানান মেজর মেহেদী।