২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সৈকতে বর্ণিল ‘টানেল উৎসব’

‘আমর করবো জয়’ নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 10:00 PM

Updated : 25 Oct 2023, 10:00 PM

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী টানেল উৎসব।

বুধবার বিকেলে ‘আমর করবো জয়’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই আয়োজন শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দেবে বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মেয়র নির্বাচনে ২৮ দফার ১টি দফা ছিল নদীর তলদেশে টানেল নির্মাণ।

“মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামকে টানেল নির্মাণের উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়ায় চট্টগ্রামবাসী গর্বিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে উৎসব মুখর করতে দুই দিনব্যাপী টানেল উৎসবের আয়োজন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে এসে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন। টানেলের দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের জনসভাতেও তিনি যোগ দেবেন।

সুজন বলেন, “এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় বরণীয় করে রাখতে চাই। চট্টগ্রামের প্রতিটি নাগরিকের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনী বার্তা পৌঁছাতে চায় ‘আমরা করবো জয়’।

“মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম’। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি কথার বাস্তব প্রতিফলন আজ দেখতে পাচ্ছে চট্টগ্রামবাসী। চট্টগ্রামের উন্নয়নে একের পর এক মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন করে চট্টগ্রামকে একটি অন্যতম শ্রেষ্ঠ নগরীতে রূপান্তরের কাজ চলছে। অল্প কয়দিন পর চট্টগ্রাম ইতিহাসের সাক্ষী হতে চলেছে।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক সুজন বলেন, “টানেলকে ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারের পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে। এই টানেল চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

“কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।”

পতেঙ্গার সমুদ্র পাড়ে বিকেলে এক ঝাঁক শিশুর মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

হাজারো জনতা হাতে লাল সবুজ বেলুন নিয়ে শুরু করে শোভাযাত্রা, সামনে ছিল ঘোড়ার গাড়ি। এ সময় সমুদ্র সৈকতে আসা পর্যটকরা হাত তালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়।

উৎসবে চাঁটগাইয়া ঐতিহ্যবাহী পিঠা-পুলি এবং মহেশখালীর খিলি পান দিয়ে অভ্যাগতদের আপ্যায়ন করেন আয়োজকরা।

সন্ধ্যার নিভু নিভু আলোতে চাঁটগাইয়া গান যখন পুরো উৎসবকে মাতিয়ে তুলেছে, ঠিক তখনই সাগরে চলন্ত স্পিডবোটের মিছিলে জ্বলে উঠে লাল সবুজের আলোর মেলা।

নগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু’র সভাপতিত্বে টানেল উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াছ, জহির উদ্দিন মো. বাবর, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ডবলমুরিং থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক দোস্ত মোহাম্মদ, সৈয়দ মো. জাকারিয়া, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, নুরজাহান রুবী, হুরে আরা বিউটি প্রমুখ।

আওয়ামী লীগের প্রস্তুতি সভা

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর এবং বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠেয় জনসভা সফল করার লক্ষ্যে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে বুধবার।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সেই সভায় বলেন, “আগামী ২৮ অক্টোবর দেশ ও জাতির জন্য একটি অহংকার ও গর্ব করার মত একটি মর্যাদার দিন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করে জাতি-ধর্ম-দল-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির ললাটে আরেকটি বড় বিজয় তিলক উড়িয়ে দেবেন।”

তিনি বলেন, “স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে ২৮ অক্টোবর সকাল ১০টায় বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে বিশাল জনসমুদ্রে পরিণত করা হবে।

“নগর আওয়ামী লীগের পক্ষ থেকে কমপক্ষে ১ লক্ষ লোকের সমাগম ঘটানো হবে। শুধু চট্টগ্রামবাসী নয়, সমগ্র বাংলাদেশবাসীর ভাগ্য পরিবর্তনের আরেকটি মাইলফলক হিসেবে এই টানেল স্বীকৃতি ও মর্যাদা পাবে। তাই প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান কেইপিজেড মাঠে জনসভা স্থল পরিদর্শন করেন।

তারা মাঠ ব্যবস্থাপনার কাজ সুচারুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনীয় নিদের্শনা দেন।