চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন
“মাদকসেবীদের ফেলা বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে,” বলেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
চট্টগ্রাম নগরীর সদরঘাট বাংলাবাজার এলাকায় ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাবাজার রশিদ বিল্ডিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুটি ও বন্দর স্টেশনের একটি গাড়ি নিয়ে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে বন্দর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, মাদকসেবীদের ফেলা বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পুরোপুরি নির্বাপনে আরো কিছু সময় লাগতে পারে।”
আগুনে বগির সিট ও কাঠামো পুড়ে গেছে।
