Published : 05 Aug 2023, 12:12 AM
বিএনপি-জামায়াত মরণ কামড় দেওয়ার আগেই তাদেরকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির নীল নকশা বাস্তবায়নে বিএনপি-জামায়াত মনগড়া রাজনৈতিক ইস্যু তৈরি করে মাঠ গরম করতে চায়। তারা নিজেরাও জানেন তাদের আন্দোলন খাদে পড়ে গেছে।
“এই অবস্থায় তারা এখন মরণকামড় দেবে। তার আগে তাদের পরিকল্পিত নীল নকশা বানচাল করে দিতে হবে। তাদের নির্মূল করতে হবে। এ লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের তৃণমূল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মীরা অবশ্যই মাঠে থাকবেন।"
নাছির বলেন, “আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। আর ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া এবং অবৈধপথে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপির প্রতিষ্ঠাতা দল গঠন করে এদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ ও কলংকিত করেছেন।
“তাই বিএনপি এখন মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিদেশি ঘটকের মাধ্যমে ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখছে।"
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “আওয়ামী লীগ জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ যতদিন চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।
“কারণ আওয়ামী লীগ সাধারণ মানুষকে স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন পূরণ করে দেওয়ার হিম্মত রাখে।"
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, এম. জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী।