চট্টগ্রামে বাসে দুর্বৃত্তের ছোড়া আগুনে চালক দগ্ধ
পুলিশ বলছে, একটি বাসে চালকের পাশের জানালা দিয়ে ছুঁড়ে দেওয়া হয়েছে মশাল জাতীয় কিছু, আরেক বাসে আগুন দিয়েছে যাত্রীবেশী ‘দুর্বৃত্তরা’।
বিএনপির ডাকা অবরোধের রাতে চট্টগ্রামে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, আরেক বাসে ছুড়ে মারা আগুনে দগ্ধ হয়েছেন চালক।
রোববার রাতে নগরীর দামপাড়া এলাকা এবং আকবর শাহ মোড়ে এ নাশকতা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামপাড়ায় রিলাক্স পরিবহনের একটি বাস কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছিল যাত্রী নেওয়ার জন্য। রাত সাড়ে ১০টায় বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল।
সে সময় চালকের পাশের জানালা দিয়ে আগুন ছুঁড়ে মারে কেউ। বাসে আগুন না লাগলেও চালক দগ্ধ হন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেলে আসা দুই যুবক বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করে।
“চালকের পাশের জানালা দিয়ে মশাল জাতীয় কিছু একটা ছুঁড়ে মারা হয়। এতে চালকের শরীরের কয়েক জায়গায় দগ্ধ হয়। তবে বাসে আগুন লাগার আগেই তা নিভিয়ে ফেলেন অন্যরা।”
আহত বাস চালকের নাম মো. তারেক (৪০), তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে আকবর শাহ মোড়ের ঘটনায় সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেয় যাত্রীবেশী দুর্বৃত্তরা।
আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্নেল হাট থেকে ৪ নম্বর রুটের একটি বাস ওয়্যারলেস মোড়ের দিকে যাচ্ছিল।
“রাত সাড়ে ৯টার দিকে বাসটি আকবর শাহ মোড়ে এলে বাসে যাত্রীবেশে থাকা কিছু দুর্বৃত্ত পেছনের আসনে আগুন লাগিয়ে দেয়।”
বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করলে তারাও ভিড়ের মধ্যে নেমে যায়।
ওই বলেন, বাসে তখন জনা বিশেক যাত্রী ছিলেন। তবে কেউ আহত হননি।
