বালুর ব্যবসা নিয়ে বিরোধ, ফটিকছড়িতে যুবক খুন
পুলিশে ধারণা বালু ব্যবসার বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
চট্টগ্রামের ফটিকছড়িতে বালির ব্যবসা নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের কুলালপাড়ায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা জানান।
নিহত ব্যবসায়ী জমির উদ্দিন নয়নের (৩২) বাড়ি কুলালপাড়া এলাকাতেই।
ওসি নুরুল হুদা বলেন, “সড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে রাতে পুলিশ সেখানে যায়। মাথার বামপাশে আঘাত করে তাকে খুন করা হয়েছে।“
পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, বালু ব্যবসা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নের ঝামেলা চলছিল।
ওসি বলেন, “বালু ব্যবসার বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগেও নয়নের সঙ্গে এলাকার বালু ব্যবসায়ীদের মারামারি হয়েছিল।“
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেছেন, খুনের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
