দেশে ‘দুর্ভিক্ষ’ দেখছেন খসরু
“সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কতো কঠিন সময় পার করছে,” বলেন এই বিএনপি নেতা।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দেশে ‘দুর্ভিক্ষ’ দেখতে পাওয়ার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছুদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিল, তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রত্যেক মানুষের কথা ছিল।
“শামসুজ্জামানের রিপোর্টের চেয়ে কঠিন ভাষা লিখেছে সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম- এক প্রতিবেদনে। বলা হয়েছে, গত ছয় মাসে সারাদিনে এক বেলা খেতে পারেনি এমন লোক ২৮ শতাংশ বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে যেটা চলছে, এটাকে বলে দুর্ভিক্ষ। এর চেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না।’’
শুক্রবার বিকালে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কৃষক দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন আমীর খসরু।
তিনি বলেন, “সাংবাদিককে তুলে নিয়ে তারা (ক্ষমতাসীনরা) প্রমাণ করেছে, তারা কতো কঠিন সময় পার করছে। সংবিধানের কথা বলে, তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কী? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন সেটা কি সংবিধানের লঙ্ঘন নয়? এই যে মহিলাকে (নওগাঁর জেসমিন) তুলে নিয়ে গেছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়?
“৩৫ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা। এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এইবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না।”
কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
