১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন নতুন পদ্ধতি বের করছে: খসরু

“সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে,” বলেন তিনি।

ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন নতুন পদ্ধতি বের করছে: খসরু
চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আমীর খসরু সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

আমীর খসরু বলেন, “ফ্যাসিস্টও একটা শক্তি যারা একভাবে ক্ষমতা দখল করে থাকে। আরেকটা শক্তি আছে যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে। ফ্যাসিস্টও দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সে জন্য বাংলাদেশর মানুষ প্রস্তুত রয়েছে।”

বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নির্বাচনী হাওয়া বইছে। 

“আজ সবার মধ্যে আনন্দ–উচ্ছ্বাস বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন। তবে পুরোটা আসেনি।”

তিনি বলেন, “মানুষ এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। 

“এখানে যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, আজকে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ সেভাবে বহু বছর পর নির্বাচনের সে আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে।” 

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “গত ১৬–১৭ বছর ধরে যে আকাঙ্খার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি। সে আকাঙ্খা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংসদ–সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।” 

সে আকাঙ্খা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।

আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এটাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এভাবে রাখতে হবে।”