২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় থেকে ‘পড়ে গিয়ে’ বাঁশখালীতে বাচ্চা হাতির মৃত্যু

এক থেকে দেড় বছর বয়সী হাতিটির শরীরে আঘাতের চিহ্ন পাননি বনবিভাগের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 08:19 PM

Updated : 08 Jul 2023, 08:19 PM

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকায় একটি বাচ্চা হাতির মৃতদেহ উদ্ধার করেছেন বনবিভাগের কর্মীরা; পাহাড় থেকে ‘পড়ে গিয়ে’ যেটি মারা গেছে বলে ধারণা তাদের।

শনিবার সকালে বাঁশখালীর চাম্বল অভয়ারণ্য বিটের আওতাধীন জঙ্গলে মৃত হাতির বাচ্চাকে পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা।

জলদি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে চাম্বল মৌজার ধুইল্যাছড়ি নামক জায়গায় তারা মৃত হাতিটি দেখতে পান।

এক থেকে দেড় বছর বয়সী হাতিটি পাহাড় থেকে পড়ে গেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। হাতিটির শরীরে আঘাতের চিহ্নও নেই বলে জানান তিনি।

ময়নাতদন্তের পর ওই এলাকায় হাতির বাচ্চাটিকে মাটি চাপা দেওয়া হয়।