চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
তদন্তের স্বার্থে গ্রেপ্তার তিনজনের নাম প্রকাশ করেননি ওসি।
সন্তানকে বাঁচাতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের হাতে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের শয্যাশায়ী হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। চট্টগ্রাম শহরের বাইরে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে তাদের পরিচয় এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি ওসি।
“আমাদের অভিযান চলমান আছে। তাই তদন্তের স্বার্থে তিনজনের পরিচয় প্রকাশ করছি না,” বলেন ওসি।
নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়েছিলেন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা।
ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হোন কোরবান আলী।
তাকে মাথায় ইট দিয়ে আঘাত করেছিল বলে জানিয়েছেন তার সন্তান আলী রেজা।
এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করেন আলী রেজা।
সংজ্ঞাহীন অবস্থায় কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয় জানিয়ে আলী রেজা বলেন, “অবস্থার অবনতি হওয়ায় আমার বাবার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়েছিল। তাই বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।”
হামলাকারীরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার।
