১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বালুর ড্রেজারে আটকে ছিল ভাসমান লাশ

শাহরিয়ার টেরিবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:54 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

চট্টগ্রামে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সেতু এলাকায় নোঙর করে রাখা বালুর ড্রেজারের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। 

উদ্ধার করা লাশটি মোহাম্মদ শাহরিয়ার ফাহাদ (১৯) নামে এক যুবকের। তিনি সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ মুসা বাদশার ছেলে। 

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে ভাসমান লাশটি নোঙর করে রাখা বালুর ড্রেজারের সঙ্গে আটকে ছিল। সেখানকার লোকজন লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। 

ওসি মিজানুর বলেন, লাশটি উদ্ধারের পর পকেটে থাকা মানিব্যাগ এবং মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, শাহরিয়ার টেরিবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। 

“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে সেসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ও পরিবারের সাথে কথা বলা হচ্ছে।”