নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির পাশের পুকুর
দুই দিন ধরে শিশুটির খোঁজ পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা।
চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ এক শিশুর লাশ দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে; যার শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফজাল পাড়া থেকে মো. তাহমিনুল ইসলাম (৫) নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম নুরুল আলম।
বাঁশখালী থানার এসআই পেয়ার আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিখোঁজের সাধারণ ডায়েরিও করেছে তার পরিবার। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের বসত ঘরের পশ্চিম পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, শিশুটির চোখে, মুখে হাল্কা জহম ও রক্তের দাগ আছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই পেয়ার আহম্মেদ।
