২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-৯ আসনে খাদ্য সামগ্রী বিতরণ নওফেলের

গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 07:59 PM

Updated : 30 Mar 2023, 07:59 PM

রমজান উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের ১৪টি ওয়ার্ডে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার নওফেলের ব্যক্তিগত সহকারী রাহুল দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেট আছে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি কনডেন্সড মিল্ক, ২০০ গ্রাম চা পাতা ও ১ কেজি লবণ।

বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা অনুযায়ী এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে।

“তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এই সকল কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।”

বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যদের জন্য উপমন্ত্রী নওফেল সবার কাছে দোয়া চেয়েছেন।

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৫ নম্বর বাগমনিরাম, ১৬ নম্বর চকবাজার, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর দক্ষিণ বাকলিয়া, ১৯ নম্বর পূর্ব বাকলিয়া, ২০ নম্বর দেওয়ানবাজার, ২১ নম্বর জামালখান, ২২ নম্বর এনায়েত বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানতলি, ৩১ নম্বর আলকরণ, ৩২ নম্বর আন্দরকিল্লা, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংসদ সদস্য নির্বাচিত হবার পর প্রতি বছর রমজানে মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।