২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের পথচলা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ১০০ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় ক্লাবের তরফে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 10:48 PM

Updated : 17 Apr 2023, 10:48 PM

সুবিধাবঞ্চিত নারী ও ছিন্নমূল শিশুদের পাশে থাকার লক্ষ্য নিয়ে যাত্রা করল ‘চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব’।

সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর নন্দনকাননে ১ নম্বর গলি এলাকায় একটি সরকারি ভবনে এ ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “সর্বশেষ জনশুমারী অনুয়ায়ী, দেশে শতকরা ৫০ ভাগের বেশি নারী। তাদের অবহেলিত রেখে একটি দেশ সমৃদ্ধি লাভ করতে পারে না। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নারী সমাজের ভূমিকা অপরিসীম।

“এ লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল নারী হয়ে সমাজের পিছিয়ে থাকা নারী-শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে আন্তরিক হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।”

ক্লাবের উদ্বোধন ঘোষণা করে জেলা প্রশাসকের স্ত্রী ক্লাবের প্রতিষ্ঠাতা সভানেত্রী তানজিয়া রহমান বলেন, “চট্টগ্রামে অনেক ক্লাব থাকা সত্ত্বেও সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব অবদান রাখবে। সুবিধাবঞ্চিত নারী ও ছিন্নমূল শিশুদের সমাজকল্যাণমূলক কাজে এ ক্লাব সবসময় পাশে থাকবে।

“আমরা সবসময় তাদেরকে পাশে রাখতে চাই। সমাজে যে সকল অবহেলিত নারী রয়েছে তাদেরকে এ ক্লাবের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে স্বাবলম্বী করা এ ক্লাবের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে চট্টগ্রাম শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র ও উপলব্ধি’র সুবিধাবঞ্চিত ১০০ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় ক্লাবের তরফে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভানেত্রী শারমীন আকতার।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল মালেক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলামসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের সহধর্মিনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।