চট্টগ্রামে ৩ ভাই খুন: যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার ২০ বছর পর
জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছিল ২০০৩ সালে।
প্রায় দুই দশক আগে চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আবুল কালাম চৌধুরীকে (৭০) তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান।
গ্রেপ্তার আবুল কালাম হাটহাজারী উপজেলার চারিয়া এলাকার আবদুল লতিফ চৌধুরীর ছেলে।
শনিবার নুরুল আবছার স্বাক্ষরিত র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সালের ২৬ মে চারিয়া কাজীপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গুলি করে ও কিরিচ দিয়ে কুপিয়ে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামে তিন ভাইকে হত্যা করা হয়।
এ ঘটনায় কালামসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন নিহতদের আরেক ভাই।
সেই মামলায় কালামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর কালাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকারও করেছে বলে র্যাবের ভাষ্য।
