২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীকে তাস খেলতে ডাকতেন তারা, রাজি না হলেই ছিনতাই

নগরীর অক্সিজেন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার জানান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 03:54 PM

Updated : 18 Dec 2023, 03:54 PM

রাস্তার পাশে বসে তাস খেলতেন তারা, পথচারী দেখলে ডেকে খেলায় বসতে অনুরোধ জানাতেন। তাতে সাড়া না দিলে সেই পথচারীর টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হত। চট্টগ্রামে এই কৌশলে ছিনতাই করা এক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক যুবকের মোবাইল-টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্তে নেমে রোববার নগরীর অক্সিজেন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার জানান।

গ্রেপ্তার দুই জন হলেন- মো. ফোরকান (৪৫) ও মো. ইব্রাহীম (৩৫); নগরীর বায়েজিদ থানার শহীদ নগর এলাকায় তারা থাকেন। 

ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ফোরকান ও ইব্রাহীম নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

“সাইফুল নামের এক যুবক শনিবার অক্সিজেন এলাকায় তার বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময়, রাস্তার পাশে বসে তাস খেলতে থাকা ফোরকান-ইব্রাহীমরা তাকে দাঁড় করিয়ে তাস খেলার প্রস্তাব দেয়।

“খেলতে রাজি না হলে তখন তারা উঠে দাঁড়িয়ে সাইফুলকে ঘিরে ধরে তার মোবাইল এক হাজার টাকা ছিনিয়ে নেয়। “

ওসি সঞ্জয় সিনহা জানান, পেশায় দিন মজুর ওই যুবক এরপর  থানায় এসে অভিযোগ করেন।

“এরপর পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করলে সাইফুল তাদেরকে শনাক্ত করে।“

পুলিশের এ কর্মকর্তা বলেছেন, ফোরকান ও ইব্রাহীমের নামে বায়েজিদ থানায় খুন, চাঁদাবাজি, মারামারির একাধিক মামলা আছে।