রাউজান-সীতাকুণ্ডে দুই নারীর লাশ উদ্ধার
যারা রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন; পরে পুকুর ও খালে মৃতদেহ দুটি ভাসতে দেখেন স্বজনরা।
চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড পানিতে ভাসমান দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সীতাকুণ্ডের একটি পুকুর এবং রাউজানের একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশ দুইটির মধ্যে একটি সেলিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর। তিনি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
আর রাউজান উপজেলায় উদ্ধার করা লাশটি ফাতেমা আক্তার (৩০) নামে এক নারীর।
সীতাকুণ্ড থানার এসআই আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়বকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সেবা ফিলিং স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে সেলিনার লাশটি উদ্ধার করা হয়। সেলিনা কাউকে কিছু না বলে রোববার গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মজিদ বলেন, “সেলিনার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পরিবারের সদস্যদের ধারণা তার মানসিক কোনো সমস্যা হয়েছিল। বিভিন্ন সময়ে সেলিনা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন।
“সকালে সেলিনাকে না পেয়ে তার স্বামী শ্বশুরবাড়িতে খোঁজ করতে যান। পরে শ্বশুরবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সড়কের পাশে পুকুরে লাশ ভাসার খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
এসআই মজিদ বলেন, লাশের সুরতহালে কোনো আঘাত বা কিছুই পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা বুঝে নিয়েছেন। তবে দুই পরিবারের কারও কোনো অভিযোগ নেই।
এদিকে রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় খাল থেকে লাশ উদ্ধার করা নারী ‘মানসিক প্রতিবন্ধী’ ছিলেন বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার এসআই খোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যায় ফাতেমা ঘর থেকে বের হয়েছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে খালে তার লাশ দেখতে পান তারা।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
