১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাটহাজারীর সড়কে নৌবাহিনী সদস্যের লাশ

ওসি মোহাম্মদ উল্লাহ বলেছেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ায় তিনি আঘাত পান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

চট্টগ্রামের হাটহাজারীর সড়ক থেকে নৌবাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার অক্সিজেন-হাটাহাজারী সড়কের বড় দিঘীর পাড় এলাকায় ২৯ বছর বয়সী দেলোয়ার হোসেনের মরদেহ পাওয়া যায়। 

তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর-এর তরফ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেলোয়ার হোসেনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজারে। মরদেহের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তিনি নৌবাহিনীতে ‘সেইলর’ পদে কর্মরত ছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। 

ওসি বলেন, “মোটর সাইকেলসহ সড়কের ডিভাইডারের পাশে তার লাশ পড়ে ছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

ওসি মোহাম্মদ উল্লাহ বলেছেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ায় তিনি আঘাত পান।