Published : 19 Dec 2025, 07:02 PM
চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা দাবি করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া রেললাইন এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ব্যবহৃত পিস্তল জব্দ করা হয়।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী মো. দিদার নির্মাণাধীন ভবনের সাইটে প্রবেশ করে ‘গুলি ছুঁড়েছিলেন’ বলে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মানের ভাষ্য।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে নির্মাণাধীন ভবনে গুলি করা হয়েছে সেটি ছাড়া আরও দুইটি ভবনে তারা চাঁদা দাবি করেছিলেন।
“গত রোববার সকালে যে ভবনে গুলি ছোঁড়া হয়েছিল তার বিপরীতে ‘হোসাইন টাওয়ান’ নামে আরেকটি নির্মাণাধীন ভবনে বেশ কয়েকদিন ধরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন গ্রেপ্তার দিদার, ইউনুছ ও সাজ্জাদ গিয়ে সেখানে পুনরায় চাঁদার জন্য হুমকি দিয়ে আসে।”

ওসি সোলায়মান বলেন, হোসাইন টাওয়ারের প্রকৌশলী ঘটনার দিন নগদ ৫০ হাজার টাকা ও একটি আইফোন দিলেও চাঁদাবাজরা তাদের নির্ধারিত টাকা না দিলে কাজ করতে নিষেধ করেন।
“পরবর্তীতে রাস্তা পার হয়ে নির্মাণাধীন আরেকটি ভবনে গিয়ে প্রকাশ্যে পিস্তল উচিঁয়ে দিদার গুলি ছোড়ে।”
এ ঘটনায় হোসাইন টাওয়ারের তত্ত্বাবধায়কের করা মামলায় নাজিরপাড়া রেল লাইন এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, দিদারকে আটকের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সময় ব্যবহৃত ছয় রাউন্ড করে ১২ রাউন্ড গুলি ভর্তি দুইটি ম্যাগাজিনসহ পিস্তলটি এবং নয় রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সময় আরেক যে যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন, উদ্ধার হওয়া কার্তুজগুলো তার বলে দাবি করেছেন ওসি সোলায়মানের।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাণাধীন একটি ভবনে গুলি ছোঁড়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির এক মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকরা মেশিনে সিমেন্ট আর পাথর মেশানোর কাজ করছিলেন। এসময় ‘হুডি’ পরা এক যুবক অস্ত্র হাতে ফটকে গিয়ে দাঁড়ান। তার পাশ দিয়ে জ্যাকেট পরা এক যুবক ভেতরে ঢুকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়লে শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে যান।
পরে হুডি পরা যুবককে হাতে অস্ত্র নিয়ে আর জ্যাকেট পরা যুবককে কোমরে অস্ত্র গুজে সড়ক পার হয়ে চলে যেতে দেখা যায়।
চট্টগ্রামে ভবন নির্মাণে 'চাঁদা দাবি', প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি