ফজলে করিমকে এবার গ্রেপ্তার দেখান হল অন্য মামলায়
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।
জুলাই আন্দোলন ঘিরে হত্যা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কোতোয়ালী থানার এই মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সাবেক এমপি ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।
শুনানিতে ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে দুপুর ২টার দিকে নগরীর লালদীঘির পাড় এলাকায় ২১ বছর বয়সী শিক্ষার্থী নিজাম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরো দেড়শ জনকে আসামি করা হয় মামলায়।
গত ১৩ জুলাই জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আয়কর বিবরণীর চেয়ে ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৭৭২ টাকার বেশি সম্পদ ফজলে করিম অবৈধভাবে অর্জন এবং ভোগদখল করছেন বলে মামলার এজাহারে বলা হয়।
আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে ১২টি ব্যাংক হিসাবে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৭৯০ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়ার কথাও বলেছে দুদক।
গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায় ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার’ সময় তাকে আটক করা হয়।
আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।
হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাংচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
এসব মামলায় বিভিন্ন সময়ে সাবেক এই এমপিকে আদালতের আদেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
রিলেটেড লিংক-
