২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রাশেদার গলায় রশি পেঁচানো থাকলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

Published : 10 Jul 2023, 04:20 PM

Updated : 10 Jul 2023, 04:20 PM

চট্টগ্রামের বাঁশখালীতে নিজের বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকও করা হয়েছে। 

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানান, ৫০ বছর বয়সী নিহত রাশেদা বেগমের গলায় রশি পেঁচানো থাকলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে ‘খুন’ করা হয়েছে বলে ধারণা করা করা হচ্ছে। 

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় প্রতিবেশীদের খবরে রোববার রাতে পুলিশ গিয়ে রাশেদার লাশ উদ্ধার করেছে।  

স্বামী নুরুল ইসলাম চট্টগ্রামে নৈশ প্রহরীর চাকরি করায় রাশেদা প্রায়ই বাড়িতে একা থাকতেন। তাদের দুই মেয়ের বিয়ে হয়েছে। গত মঙ্গলবার নুরুল চট্টগ্রামে চলে যাওয়ায় ঘটনার দিনও রাশেদা একাই ছিলেন তার বাড়িতে। 

বাঁশখালী থানার পরিদর্শক শেখর হালদার বলেন, রোববার প্রতিবেশিরা রাশেদাকে বাড়ির বাইরে দেখেননি। ঘরের দরজা বন্ধ থাকায় তার পোষা মুরগীগুলোকেও রাতে বাইরে ডাকাডাকি করতে দেখেছেন আশপাশের লোকজন। 

“রাত আটটার পরও মুরগীগুলো বাইরে দেখেছেন প্রতিবেশীরা। ঘরের সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু পেছনের দরজা খোলা থাকায় প্রতিবেশীরা ঘরে গিয়ে গলায় রশি পেঁচানো রাশেদার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।” 

শেখর বলেন, “রাশেদার গলায় রশি পেঁচানো থাকলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আমাদের ধারণা শনিবার গভীর রাত থেকে রোববার রাত আটটার মধ্যে রাশেদাকে খুন করা হয়েছে।” 

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাশেদার ছোট মেয়ে পুলিশকে জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে তার সঙ্গে মায়ের কথা হয়েছে।