২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেল টিএসএম

দুই বছরের এই চুক্তির আওতায় থাকছে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিসহ মোট ছয়টি আসর।

বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেল টিএসএম

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয় করে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 07:42 PM

Updated : 05 Apr 2024, 07:48 PM

বিশ্বজুড়ে খেলা সম্প্রচারের পরিবর্তিত বাস্তবতায় এখন অঞ্চলভেদে আলাদা করে স্বত্ব বিক্রি করছে আইসিসি। সেই ধারায় বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে টিএসএম। তারা টিভিতে খেলা সম্প্রচার করবে নাগরিক টিভির মাধ্যমে। ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের খেলা দেখানোর সঙ্গী বাংলালিংক।  

আইসিসি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সাল পর্যন্ত টিএসএম-এর সঙ্গে এই চুক্তি হয়েছে তাদের।

এই চুক্তির আওতায় থাকবে এ বছরের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এগুলোর মধ্যে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশেই, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে।

আইসিসি প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইসের বিশ্বাস, নতুন এই সম্প্রচার চুক্তির মাধ্যমে বাংলাদেশে ক্রিকেটানুরাগীর সংখ্যা আরও বাড়বে, বিশেষ করে মেয়েদের ক্রিকেটে।

“বাংলাদেশ অঞ্চলের আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত, যেখানে বিশালসংখ্যক ও অনুরাগী সমর্থকগোষ্ঠী আছে। এই বছরের শেষ দিকে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশেই। আমাদের সম্প্রচারসঙ্গীর সঙ্গে জুটিতে এখানে মেয়েদের ক্রিকেট আরও এগিয়ে নেওয়ার এবং নতুন ও রোমাঞ্চকর সমর্থকদের সম্পৃক্ত করার সত্যিকারের সুযোগ আছে।”

এই বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে যৌথভাবে থাইল্যান্ড ও মালেয়েশিয়ায়। ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামী বছরের জুনে লর্ডসে। মেয়েদের একদিনের বিশ্বকাপ হবে ভারতে।